রাজ্যের প্রথম বৌদ্ধ মন্ত্রী বিশাল লামাকে বর্ণাঢ্য সংবর্ধনা। পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত মন্ত্রিসভায় স্থান পেয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় বিশাল লামা মহাশয়। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাসে প্রথম বৌদ্ধ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপনের লক্ষ্যে আজ, ২৪ জুন ২০২৬, বুধবার সন্ধ্যায় কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আনন্দঘন অনুষ্ঠানে রাজ্যের প্রথম বৌদ্ধ মন্ত্রী বিশাল লামার পাশাপাশি আলিপুরদুয়ারের বিধায়ক লাক্সমান নিমু এবং টালিগঞ্জ অঞ্চলের নবনির্বাচিত বিধায়িকা, বিশিষ্ট অভিনেত্রী ও সমাজসেবিকা শ্রীমতি পাপিয়া অধিকারী মহাশয়াকেও বিহারের পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
টালিগঞ্জ ম্যূর এভিনিউ বৌদ্ধ সমিতির আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের সভাপতি মনোতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু, সম্পাদক উত্তম বড়ুয়া, কোষাধ্যক্ষ শ্রীমতি স্বপ্না বড়ুয়া, উপদেষ্টা শ্রীকুমার দাস এবং আনন্দ মহাথের-সহ অসংখ্য ভিক্ষু-শ্রমন ও বিশিষ্ট অতিথিবর্গ।
অনুষ্ঠানে মন্ত্রী ও বিধায়কগণের সংবর্ধনার পাশাপাশি এক মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মনে গভীর আনন্দের সঞ্চার করে। সংশ্লিষ্ট মহলের মতে, বিশাল লামা মহাশয়ের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে।
এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিহারের দায়ক-দায়িকা ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন মন্ত্রীর প্রতি শুভকামনা জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, নবনিযুক্ত মন্ত্রী বিশাল লামা মহাশয়ের হাত ধরে রাজ্যের সামগ্রিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়ের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে।
আরো পড়ুন>>: পশ্চিম বঙ্গে রাজ্যের প্রথম বৌদ্ধ মন্ত্রী বিশাল লামাকে বর্ণাঢ্য সংবর্ধনা