উদ্বোধনী অনুষ্ঠান – বিশ্বকাপ ফুটবল ২০২৬: ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ও বৃহত্তম আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর পর্দা আজ থেকে উঠছে। ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করে এবারই প্রথম তিনটি দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে একযোগে আয়োজিত হচ্ছে এই বিশ্বযজ্ঞ। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ফুটবলের এই মহোৎসব উদযাপিত হবে স্বাগতিক তিন দেশেই।
উদ্বোধনী অনুষ্ঠান: সূচি (বাংলাদেশ সময়)
বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন তিন দেশের তিন স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নিম্নরূপ:
প্রথম উদ্বোধনী (মেক্সিকো): আজ ১১ জুন (বৃহস্পতিবার) রাত ১১:০০ টায় শুরু হবে। এই জমকালো অনুষ্ঠানের ঠিক ৯০ মিনিট পর (রাত ১টা) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
দ্বিতীয় উদ্বোধনী (কানাডা): আগামীকাল ১২ জুন, শুক্রবার রাত ১:০০ টায় টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান। এরপর সেখানে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচটি মাঠে গড়াবে।
তৃতীয় উদ্বোধনী (যুক্তরাষ্ট্র): আগামী ১৩ জুন, শনিবার ভোর ৫:৩০ টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হবে। এরপর সকাল ৭:০০ টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।
তারকায় ঠাসা উদ্বোধনী মঞ্চ
মেক্সিকো সিটির মূল উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে প্রস্তুত বিশ্বখ্যাত সব তারকারা। পপ কুইন শাকিরার পাশাপাশি পারফর্ম করবেন নাইজেরিয়ান তারকা বার্না বয় (Burna Boy)। তারা দুজনে প্রথমবারের মতো বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ (Dai Dai) মঞ্চে পরিবেশন করবেন। এছাড়া মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড ‘মানাঁ’ এবং মিউজিক্যাল গ্রুপ ‘লোস অ্যাঞ্জেলেস আজুলস’-এর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
সাংস্কৃতিক বৈচিত্র্য ও আয়োজন
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানটি প্রায় ১৬-১৭ মিনিট স্থায়ী হবে। অন্যদিকে কানাডার টরন্টোতে বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে দেশটির গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির এক বৈচিত্র্যময় মেলবন্ধন তুলে ধরা হবে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ফুটবল বিশ্বের এই মহারণের।
আরো পড়ুন>>: ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে আজ: উদ্বোধনী অনুষ্ঠান কবে