চট্টগ্রামে ২৫৭০তম ‘বুদ্ধ জয়ন্তী’ ও জাতীয় বৌদ্ধ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক || চট্টগ্রাম:
আগামী ৮ মে ২০২৬ (২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) শুক্রবার চট্টগ্রামে নগরের কাতালগঞ্জস্থ কিশলয় কনভেনশন হলে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমা তথা ২৫৭০তম ‘বুদ্ধ জয়ন্তী’ উদযাপিত হতে যাচ্ছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচি ও মূল আকর্ষণ

উৎসবের সূচনায় সকাল ০৮:০১ মিনিটে বিশ্বশান্তি কামনায় একটি বিশাল শান্তিশোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি চট্টগ্রামে নব পণ্ডিত বিহার থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে কিশলয় কনভেনশন হলে গিয়ে শেষ হবে।
এরপর সকাল ০৯:৩০ মিনিট থেকে শুরু হবে মূল আয়োজন, যার মধ্যে রয়েছে:

  • অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান ও সদ্ধর্মদেশনা।
  • গ্রাম ও বিহার পর্যায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্য।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত বিপলানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের এবং ভদন্ত আর্যকীর্তি মহাথের মহোদয়গণকে বিশেষ উপাধিসহ সংবর্ধনা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। উদ্বোধক হিসেবে থাকবেন সদ্ধর্মকাঙ্ক্ষী সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেশের শীর্ষস্থানীয় বৌদ্ধ ভিক্ষু ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের এবং প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন সদ্ধর্মভাণ্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বুদ্ধ জয়ন্তীতে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, কোরিয়া, নেপাল, রাশিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, চসিক মেয়র এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিকেলের দ্বিতীয় পর্বে দুপুর ০১:০১ মিনিটে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘সিদ্ধার্থের জন্ম থেকে বুদ্ধের মহাপরিনির্বাণ’শীর্ষক একটি মনোজ্ঞ গীতি নাট্য। এটি পরিচালনা করবেন মি. অনন্য বড়ুয়া ও তাঁর দল।
২৫৭০ বুদ্ধ জয়ন্তী জাতীয় উদযাপন পরিষদ-২০২৬ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে সকল জাতি-ধর্ম নির্বিশেষে ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *