রাউজান বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনা, দ্রুত তদন্তের দাবি

রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড, পূর্ব আবুরখীল তালুকদার পাড়ার সংঘরাজ বৌদ্ধ বিহারে ভোরবেলায় দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিহারের কিছু অংশ পুড়ে গেছে।

ঘটনার সময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু আগুনে পোড়া গন্ধ পাওয়ার পর ঘুম থেকে উঠে দেখেন বিহারে আগুন লেগেছে। চিৎকারে স্থানীয়রা দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

রাউজান উপজেলার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মামুন ও এএসআই সানু মং মার্মা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাউজান থানাকে অবহিত করেন। স্থানীয় ইউপি সদস্য দিবস বড়ুয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী লালু, বাংলাদেশ বৌদ্ধ ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার এবং বিএনপি নেতা দোলন বড়ুয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শন করেন।

তারা বলেন, “আবুরখীল একটি বিশাল বৌদ্ধ জনপদ, যেখানে সবধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও আমাদের ধর্মীয় অনুভূতি ও এলাকার শান্তি-সম্প্রীতির উপর আঘাত হেনেছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করছি।”

স্থানীয়রা প্রশাসন এবং সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর হস্তক্ষেপ কামনা করে, যাতে ভবিষ্যতে কোথাও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি অজয় বিকাশ বড়ুয়া জানান, “আমরা ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি। সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *