অতীশ দীপংকর শ্রীজ্ঞান পুরস্কার ২০২৬ -এ ভূষিত হলেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথের। যুক্তরাজ্যের জনপ্রিয় এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রথম অনলাইন ভিত্তিক টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘লন্ডন বুড্ডিস্ট টিভি’-র পক্ষ থেকে “অতীশ দীপংকর শ্রীজ্ঞান পুরস্কার ২০২৬” এ ভূষিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত বুদ্ধানন্দ মহাথের মহোদয়। সদ্ধর্ম প্রচার এবং সমাজ বিনির্মাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানজনক পদকে ভূষিত করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও অবস্থানরত সর্বস্তরের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে শ্রদ্ধেয় এই মহাথের’র প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে তাঁর সুস্বাস্থ্য, নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করা হয়েছে।
একজন নজরে বুদ্ধানন্দ মহাথেরোর জীবনী
ভদন্ত বুদ্ধানন্দ মহাথের মহোদয়ের শৈশবের ডাকনাম ছিল ‘ভানু’। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ঢেমশা গ্রামে এক সম্ভ্রান্ত বড়ুয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শ্রদ্ধেয় পিতা বিপিন চন্দ্র বড়ুয়া এবং রত্নগর্ভা মাতা রূপমোহিনী বালা বড়ুয়া।
ধর্মীয় জীবনের সূচনালগ্নে, ১৯৮২ সালে ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রথম অধ্যক্ষ সুন্দরানন্দ ভিক্ষু (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. সুকোমল বড়ুয়া)-র নিকট তিনি প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত হন। পরবর্তীতে, ১৯৮৮ সালের ৫ই আগস্ট প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের তৎকালীন অধ্যক্ষ ও অধ্যাপক শাসনশোভন বিশুদ্ধানন্দ মহাথের’র সুযোগ্য শিষ্য মহাস্থবির শীলাচার শাস্ত্রী (এম.এ) মহোদয়ের নিকট উপসম্পদা (ভিক্ষুত্ব) গ্রহণ করেন।

১৯৮২ সালের দিকে ঢাকার মালিবাগের একটি ভাড়া করা টিনশেড বাসায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়েছিল। সেই সূচনাকাল থেকে শুরু করে ১৯৮৪ সালের ১৬ই নভেম্বর ‘বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন’ প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি ধাপে বুদ্ধানন্দ শ্রমণ অত্যন্ত নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।
আজকের মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক মানের বিশাল ‘আন্তর্জাতিক বৌদ্ধ বিহার’ কমপ্লেক্সটি গড়ে তোলার পেছনে তাঁর আত্মত্যাগ ও অবদান চিরস্মরণীয়। একটি ছোট্ট ভাড়া বাসা থেকে আজকের এই দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক স্তরের বিহার বিনির্মাণে তিনি নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
প্রব্রজ্যা গ্রহণের পর থেকে সুদীর্ঘ ৪৪ বছর ধরে বৌদ্ধ ধর্মের মূল বাণী প্রচার এবং মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন এই সাংঘিক ব্যক্তিত্ব। আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, থাইল্যান্ডসহ বিশ্বের বহু দেশ সফর করে সদ্ধর্মের আলো ছড়িয়ে দেওয়ার পর বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্যে তাঁর এই অবস্থান ও সদ্ধর্ম প্রচারের মাঝেই লন্ডন বুড্ডিস্ট টিভির পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হলো, যা বিশ্ব দরবারে বাঙালি বৌদ্ধ সমাজের গৌরবকে আরও উজ্জ্বল করেছে।
আরো পড়ুন>>: অতীশ দীপংকর শ্রীজ্ঞান পুরস্কার ২০২৬ -এ ভূষিত হলেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথের- মহাথেরো কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু মানবতা ও প্রজ্ঞার আলোক বর্তিকা
- সোনাকান্তি বড়ুয়া: আলোর সন্ধ্যানে পরিব্রাজক এক আন্তর্জাতিক বৌদ্ধ পণ্ডিত
- কর্মবীর উপাধিতে ভূষিত হলেন মহাথের কে. শ্রী জ্যোতিসেন ভিক্ষু
- Eminent Buddhist Scholar and Author Robert Thurman Dies at 84
- Rangkut Banashram: The Ancient Buddhist Pilgrimage Site of Ramu Linked to Emperor Ashoka