উখিয়ায় জুঁই বড়ুয়া নামের দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় জুঁই বড়ুয়া (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রায়াতা জুঁই বড়ুয়া

নিহত জুঁই বড়ুয়া স্থানীয় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম সংকর বড়ুয়া। পরিবারের সঙ্গে সে আমতলী এলাকায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে জুই মানসিকভাবে হতাশ ছিল বলে দাবি করছেন স্থানীয়রা। তবে পরীক্ষার ফলাফলের সঙ্গে তার মৃত্যুর কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন>>: উখিয়ায় জুঁই বড়ুয়া নামের দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *