আকাশ হ্যান্ডপ্যান, আর্টস ও ওয়েলনেস ফেস্টিভ্যাল: কানাডার ওন্টারিও অঙ্গরাজ্যের মিসিসাগায় আজ থেকে শুরু হয়েছে আত্মিক প্রশান্তি, শিল্প ও সচেতনতার অনন্য আয়োজন ‘আকাশ হ্যান্ডপ্যান, আর্টস অ্যান্ড ওয়েলনেস ফেস্টিভ্যাল’ (AKASHA: Handpan, Arts & Wellness Festival)। আজ ১০ জুলাই (শুক্রবার) থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে আগামীকাল ১১ জুলাই পর্যন্ত। মিসিসাগার ঐতিহ্যবাহী অ্যাপলউড ইউনাইটেড চার্চে (Applewood United Church) দুই দিনব্যাপী এই মৈত্রী ও ধ্যান উৎসবের আয়োজন করা হয়েছে।

এবারের উৎসবের মূল আকর্ষণ হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধ্যানের শিক্ষক এবং ‘দি আরবান বুড্ডিস্ট মঙ্ক’ (The Urban Buddhist Monk) হিসেবে পরিচিত শ্রদ্ধেয় ভান্তে শরণপাল (Bhante Saranapala)। উৎসবের প্রথম দিনে আজ ভান্তে শরণপালের নির্দেশনায় বিশেষ মাইন্ডফুলনেস মেডিটেশন বা সচেতনতা ধ্যানের সেশন অনুষ্ঠিত হয়। আধুনিক ব্যস্ত জীবনে মানসিক চাপ মুক্ত হয়ে কীভাবে অন্তরের শান্তি লাভ করা যায়, তিনি তাঁর সেশনে সেই বিষয়ে আলোকপাত করেন।
আয়োজকরা জানান, ‘আকাশ’ (ইথার বা শূন্যস্থান) থিমের ওপর ভিত্তি করে সাজানো এই উৎসবে লাইভ অ্যাকোস্টিক যোগব্যায়াম, সাউন্ড জার্নি এবং বিশেষ বাদ্যযন্ত্র ‘হ্যান্ডপ্যান’ বাজানোর কর্মশালার ব্যবস্থা রয়েছে। সংগীত এবং ধ্যানের মেলবন্ধনে মনের ভেতরের নেতিবাচকতা দূর করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
স্থানীয় সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন মিসিসাগা আর্টস কাউন্সিল (MAC), সাউগা আর্টস হাব (Sauga Arts HUB), ব্লু প্রিন্ট এবং সনিক পিলস-এর যৌথ পৃষ্ঠপোষকতায় এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনেই বিভিন্ন সংস্কৃতি ও ধর্মাবলম্বী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসব প্রাঙ্গণকে একটি বৈশ্বিক মৈত্রী কেন্দ্রে পরিণত করেছে। আগামীকাল শনিবার উৎসবের সমাপনী দিনেও দিনব্যাপী নানা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সেশন চালু থাকবে।
আরো পড়ুন>>: কানাডায় শুরু হলো ‘আকাশ হ্যান্ডপ্যান, আর্টস ও ওয়েলনেস ফেস্টিভ্যাল’