৮৪০০০ বৌদ্ধ জ্ঞানভাণ্ডার: বিশ্বব্যাপী বৌদ্ধ জ্ঞান সংরক্ষণ ও অনুবাদে কাজ করা অলাভজনক উদ্যোগ 84000: Translating the Words of the Buddha নতুন ব্র্যান্ড মিশন ও পুনর্নির্মিত ওয়েবসাইট উন্মোচন করেছে। ৮৪০০০ বৌদ্ধ জ্ঞানভাণ্ডার প্রকল্পটি গত ১৫ বছরেরও বেশি সময় ধরে তিব্বতি বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুবাদ, সংরক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত করার কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নতুন রূপান্তর তাদের কার্যক্রমে একটি নতুন অধ্যায়ের সূচনা, যার লক্ষ্য হলো “প্রামাণিক বৌদ্ধ জ্ঞানের উৎসের দ্বার উন্মুক্ত করা”।
প্রতিষ্ঠানটি তাদের নতুন ভিশন ও মিশনের ঘোষণা দিয়ে বলেছে, পরিবর্তনশীল বিশ্বের জন্য “জাগরণের বীজ বপন” এখন তাদের মূল লক্ষ্য। একইসঙ্গে, বিশ্বব্যাপী মানুষের কাছে বৌদ্ধ জ্ঞান সহজলভ্য করে তুলতে অনুবাদ, সংরক্ষণ এবং বিনামূল্যে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরদার করা হয়েছে।
৮৪০০০ বৌদ্ধ জ্ঞানভাণ্ডার: Translating the Words of the Buddha
এই বৈশ্বিক উদ্যোগের প্রতিষ্ঠাতা হলেন খ্যাতিমান ভুটানি বৌদ্ধ গুরু, লেখক ও চলচ্চিত্র নির্মাতা Dzongsar Jamyang Khyentse Rinpoche। নতুন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে আরও আধুনিক সুবিধা, যার মধ্যে রয়েছে সাধারণ পাঠকদের জন্য “Reading Room” এবং গবেষকদের জন্য “Scholar’s Room”। এখানে ব্যবহারকারীরা বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসন্ধান, অনুবাদ তুলনা, বহুভাষিক রিসোর্স ও একাডেমিক গবেষণার বিভিন্ন টুল ব্যবহার করতে পারবেন।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক Huang Jing Rui জানিয়েছেন, নতুন ডিজিটাল লাইব্রেরির পাশাপাশি অডিও ও ভিডিও কনটেন্ট যুক্ত করা হয়েছে, যাতে আধুনিক পাঠক ও শিক্ষার্থীরা ছোট ছোট শিক্ষামূলক উপস্থাপনার মাধ্যমে বুদ্ধের শিক্ষা উপলব্ধি করতে পারেন।

১৫ বছরের বেশি সময় আগে যাত্রা শুরু করা 84000 প্রকল্পের উদ্দেশ্য ছিল ক্লাসিক্যাল তিব্বতি ভাষায় সংরক্ষিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা। সংস্থাটির তথ্যমতে, আগে পুরো ক্যাননের মাত্র ৫ শতাংশ আধুনিক ভাষায় অনূদিত হয়েছিল এবং দক্ষ অনুবাদক ও গবেষকের অভাবে এই অমূল্য জ্ঞানভাণ্ডার হারিয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ২০৩৫ সালের মধ্যে প্রায় ৭০ হাজার পৃষ্ঠার Kangyur (বুদ্ধের বাণী) এবং ২১১০ সালের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৮০০ পৃষ্ঠার Tengyur (ব্যাখ্যামূলক ভাষ্য) অনুবাদের লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে Kangyur-এর প্রায় ৫০ শতাংশ প্রকাশিত এবং ৮০ শতাংশ অনুবাদ সম্পন্ন হয়েছে।
84000 জানিয়েছে, ভবিষ্যৎ গবেষণা ও অনুবাদ কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও নতুন প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও মানবিক তত্ত্বাবধান, প্রামাণিকতা এবং একাডেমিক মান বজায় রাখাই তাদের অগ্রাধিকার থাকবে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এতদিন মূলত অনুবাদ ও গবেষণাভিত্তিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকলেও এখন তারা এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে শুধু অনুবাদ নয়, বরং সেই জ্ঞান মানুষের কাছে অর্থবহভাবে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন ভাষা, শিক্ষাস্তর ও শেখার পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
Khyentse Foundation, Siddhartha’s Intent, Lotus Outreach এবং Lhomon Society-সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে রিনপোছে বৌদ্ধ শিক্ষা, অনুবাদ, মানবিক সহায়তা ও টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রিনপোছের ভাষায়, বিশ্ব যত পরিবর্তিত হোক না কেন, মানুষের পরিচয় সংকট, মানসিক সংকট কিংবা নেতৃত্ব, পরিবার ও দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জের উত্তর বুদ্ধের ৮৪ হাজার শিক্ষার মধ্যে খুঁজে পাওয়া সম্ভব। তাঁর মতে, আধুনিক যুগে এই শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।
আরো পড়ুন>>: ৮৪০০০ বৌদ্ধ জ্ঞানভাণ্ডার: নতুন ওয়েবসাইট ও বৈশ্বিক মিশন নিয়ে নতুন অধ্যায় শুরু