বিশেষ প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্ঘটনাকবলিত ও শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবনে আলো ফোটাচ্ছেন দেশের তরুণ উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তাঁর সাশ্রয়ী ‘রোবোটিক কৃত্রিম হাত’ ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গবেষণায় দেখা গেছে, বিদেশ থেকে উন্নতমানের একটি কৃত্রিম রোবোটিক হাত আমদানি করতে খরচ হয় ৫ থেকে ১০ লাখ টাকা, যা দেশের সাধারণ মানুষের নাগালের বাইরে। এই সংকট নিরসনে ২০১৮ সালে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সহযোগিতায় লাভলু বড়ুয়া গড়ে তোলেন স্টার্টআপ প্রতিষ্ঠান ‘রোবোলাইফ টেকনোলজিস’। তাঁর উদ্ভাবিত এই কৃত্রিম হাতটি মস্তিষ্কের স্নায়ু ও পেশীর সংকেত (EMG Technology), ভয়েস নির্দেশ এবং ৩ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। ফলে কোনো ব্যক্তি হাত হারালেও এই কৃত্রিম হাতের সাহায্যে দৈনন্দিন কাজ যেমন—কোনো কিছু ধরা, খাওয়া বা লেখালেখি স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারেন।

লাভলু বড়ুয়ার এই উদ্ভাবনের মাধ্যমে ইতোমধ্যে শতাধিক হাত হারানো মানুষ নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন। দেশে চাহিদা মেটানোর পাশাপাশি তুরস্ক, ভারত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশেও তাঁর তৈরি এই প্রযুক্তি রপ্তানি ও প্রশংসিত হয়েছে।
উদ্ভাবন ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জয় বড়ুয়া লাভলু লাভ করেছেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এ ছাড়া ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ’-এ চ্যাম্পিয়ন হয়ে সিলিকন ভ্যালিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক ডিপ-টেক প্ল্যাটফর্ম Hello Tomorrow-র সেরা ১০০ ‘গ্লোবাল ডিপ-টেক পাইওনিয়ার্স’-এর তালিকাতেও স্থান করে নিয়েছেন এই দূরদর্শী তরুণ।
প্রযুক্তিকে মানবসেবায় নিয়োজিত করে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করায় লাভলু বড়ুয়া এখন দেশের তরুণদের অনুপ্রেরণার প্রতীক।